সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে বরিশাল জেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির ৭৭ সদস্য বিশিষ্ট বরিশাল জেলা পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় শক্তি কেন্দ্রীয় কমিটি। অনুমোদিত কমিটিতে জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা কাজী মোঃ আবু যাঈদকে আহ্বায়ক এবং মোঃ সিরাজুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (দক্ষিণাঞ্চল) মহির আলমের সুপারিশক্রমে কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি আহসান লাবিব এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার নবগঠিত এ কমিটির অনুমোদন দেন।
নবগঠিত কমিটিতে সুমি হককে মুখ্য সংগঠক করা হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সায়েম ইবনে আলম ও আসাদুল আলম নাঈমকে।
এ ছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে শামীম হাসান, জুনায়েদ হোসেন সাদ ও হাসিবুল ইসলাম শান্তকে
নবগঠিত কমিটির আহ্বায়ক কাজী মোঃ আবু যাঈদ বলেন, জুলাইয়ের চেতনা এবং জাতীয় ছাত্রশক্তি ও এনসিপির নীতি-আদর্শ ধারণ করে তারা শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করবেন।
তিনি বলেন, “আমরা সংঘাতের রাজনীতি নয়, বরং সংলাপের রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করতে চাই। শিক্ষার্থীদের অধিকার আদায় এবং নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠায় জাতীয় ছাত্রশক্তি সক্রিয় ভূমিকা পালন করবে।”
তিনি আরও জানান, খুব শিগগিরই বরিশাল জেলার সকল উপজেলা, থানা, ইউনিয়ন ও ক্যাম্পাস পর্যায়ে জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কমিটি গঠন করা হবে।
কাজী মোঃ আবু যাঈদ বলেন, সম্প্রতি বাকেরগঞ্জে জাতীয় ছাত্রশক্তির একটি আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন এলাকায় সংগঠনটির কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
এদিকে, নবগঠিত কমিটির সদস্যসচিব মোঃ সিরাজুল ইসলাম বলেন, “ছাত্র রাজনীতির পুরোনো ও গতানুগতিক ধারার বাইরে গিয়ে জাতীয় ছাত্রশক্তি বরিশাল জেলায় নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করবে। এখানে ‘আদু ভাই’ বা ‘আধিপত্যের’ সংস্কৃতির কোনো স্থান থাকবে না।”
তিনি আরও বলেন, “জুলাইয়ের মর্যাদা ও চেতনাকে সমুন্নত রেখে নতুন নতুন মুখ ও নেতৃত্বকে সামনে নিয়ে আসা হবে। আমাদের অন্যতম দায়িত্ব হলো নতুন বাংলাদেশ গড়ার শক্তিগুলোকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা এবং জাতীয় ছাত্রশক্তির বার্তা বরিশাল জেলার তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া।”
নতুন ধারার রাজনীতি চর্চা এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে বরিশালের ছাত্রসমাজ ও তরুণদের জাতীয় ছাত্রশক্তির কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা।