নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশ, বরিশাল বিভাগের তৃতীয় শ্রেণীর সমাপনী পরীক্ষা-২০২৫-এ উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর রুপাতলীস্থ তাজকাঠী এলাকার বসুন্ধরা হাউজিংয়ে অবস্থিত নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের পরিচালক ও বরিশাল বিভাগের পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আহমদ উল্লাহ মাদানী।
এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের পরিচালক মাওলানা আব্দুল কাদের হোসনাবাদী, সহকারী পরিচালক ও পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মো. রফিউদ্দিন নজরুল, প্রফেসর এন এম শামসুদ্দিন, বোর্ডের সহকারী পরিচালক সাইফুল ইসলাম, পটুয়াখালী জেলার জিম্মাদার ও পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবু তাহের, হাফেজ মো. ইয়াসিন হোসাইন (প্রধান শিক্ষক, কালাই মৃধা নুরানী ও হাফেজী মাদ্রাসা, মঠবাড়িয়া এবং মঠবাড়িয়া ও তার পার্শ্ববর্তী থানাসমূহের জিম্মাদার) সহ বিভাগের বিভিন্ন জেলার জিম্মাদাররা।
অনুষ্ঠানে বক্তারা কুরআনি শিক্ষার প্রসারে নূরানী শিক্ষাব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান। পরে কৃতী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর বরিশাল নগরীর রুপাতলীস্থ বসুন্ধরা হাউজিংয়ে নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবারের পরীক্ষায় বরিশাল বিভাগজুড়ে মোট ৭ হাজার ৩৯৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে এ-প্লাস অর্জন করেছে ৩ হাজার ৩৯৯ জন শিক্ষার্থী। সবমিলিয়ে পাশের হার দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৪৪ শতাংশ।