পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বরিশালে সুলতান আহমেদ নামে এক ঠিকাদারকে গুলি করার অভিযোগ উঠেছে তাঁর ব্যবসায়িক অংশীদারের বিরুদ্ধে। এ সময় গুলির মুখে প্রাণ বাঁচাতে খালে ঝাঁপ দিয়ে আত্মরক্ষা করেন ওই ঠিকাদার। ঘটনার পর মাইক্রোবাস নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের মাখরকাঠি গ্রামে গনি হাওলাদারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
গুলির শিকার হওয়ার অভিযোগ করা ঠিকাদার সুলতান আহমেদ বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিণাফুলিয়া এলাকার বাসিন্দা সালাম হাওলাদারের ছেলে। তাঁর মালিকানাধীন ‘নুসরাত এন্টারপ্রাইজ’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানটি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার বাহিনীতে জুতা, কালি, বেল্টসহ বিভিন্ন সামগ্রী সরবরাহ করে থাকে।
২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফরিদ আহমেদের বক্তব্য অনুযায়ী, ঢাকায় সুলতানের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানটির অংশীদার মাগুরা জেলার বাসিন্দা সালাহউদ্দিন ওরফে সোহেল রানার কাছে তাঁর মোটা অঙ্কের টাকা পাওনা ছিল।
বুধবার সন্ধ্যায় পাওনা টাকা পরিশোধের কথা বলে সোহেল রানা সেখানে আসেন। তবে নগদ টাকা পরিশোধ না করে তিনি একটি চেক দেন বলে জানা গেছে। পরে একটি স্ট্যাম্পে সুলতানকে স্বাক্ষর করতে বললে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়।
অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে সুলতানকে লক্ষ্য করে গুলি ছোড়েন সোহেল রানা। এ সময় প্রাণ বাঁচাতে সুলতান পাশের খালে ঝাঁপ দিয়ে চিৎকার শুরু করেন। পরে মাইক্রোবাস নিয়ে ঘটনাস্থল থেকে চলে যান অভিযুক্ত ব্যক্তি।
ঘটনার বিষয়ে ঠিকাদার সুলতান আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাঁরা খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে এসেছিলেন। এ ঘটনায় তিনি আইনি ব্যবস্থা নেবেন বলেও জানান।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, পূর্ববিরোধের জের ধরে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। ভুক্তভোগীকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।