নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বিভিন্ন অভিযোগে পটুয়াখালী জেলার ছয় ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনার। বিভাগীয় মামলার তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিধি অনুযায়ী তাদের এ শাস্তি দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় কমিশনারের একান্ত সচিব ও সহকারী কমিশনার তালুকদার মো. ইনতেজার।
শাস্তিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন-পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা তানিয়া আক্তার মুক্তা, একই উপজেলার গলাচিপা ইউনিয়নের আ ন ম মুরাদুল ইসলাম, পটুয়াখালী সদর উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন ভূমি অফিসের মংলাতেন, বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের মো. আল কাইয়ুম, রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের মো. আবু জাফর এবং দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের মো. তারিকুল ইসলাম।
বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্র জানায়, এসব কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের পর তদন্ত করা হয়। তদন্তে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ বিধি অনুযায়ী শাস্তির আদেশ দেন।
শাস্তির আওতায় ছয় কর্মকর্তার ২০২৮ সালের জুন পর্যন্ত বার্ষিক বেতন বৃদ্ধি বন্ধ থাকবে। একই সঙ্গে শাস্তির মেয়াদকালে তারা কোনো পদোন্নতির জন্য বিবেচিত হবেন না। এছাড়া তাদের সার্ভিস বইয়ে শাস্তির আদেশ লিপিবদ্ধ থাকবে।
বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তারা জানান, সরকারি দায়িত্ব পালনে অনিয়ম বা বিধিবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়। এ ক্ষেত্রেও তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ছয় কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।