সৈয়দ নুর আহসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা কিশোর কুমার দাস (পরিচিতি নম্বর: ১৮৭০৫)।
নতুন ইউএনও কিশোর কুমার দাস এর পূর্বে পরিবেশ অধিদপ্তর (সদর দপ্তর), ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। দায়িত্ব পালনকালে তিনি দেশব্যাপী নিষিদ্ধ পলিথিন ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জনমনে বেশ প্রশংসিত হন।
তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে টাঙ্গাইলের ঘাটাইল এবং কিশোরগঞ্জের ইটনা উপজেলা ভূমি অফিসে অত্যন্ত দক্ষতার সাথে সফলভাবে সার্ভিস প্রদান করেছেন।
অভিজ্ঞ ও দায়িত্বশীল এই কর্মকর্তা কালকিনিতে যোগ দেওয়ায় স্থানীয়দের মাঝে আশার সঞ্চার হয়েছে। সচেতন মহলের প্রত্যাশা, পূর্বের অভিজ্ঞতার আলোকে তিনি কালকিনিতেও সব ধরনের অবৈধ কার্যক্রম, ভূমি দখল ও প্রশাসনিক অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকবেন এবং সুশাসন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখবেন।