গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকায় যাত্রীবাহী বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে অন্তত ৫ জন যাত্রী আহত হয়েছেন।
আজ রবিবার (০৬ সেপ্টেম্বর, ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী ‘ইরান পরিবহন’ (ঢাকা মেট্রো-ব-১৫-৪২১৭) এর একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ফরিদপুরগামী একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার জনাব মিজানুর রহমানের নেতৃত্বে ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস কর্মীরা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে দুর্ঘটনাকবলিত বাস থেকে আহতদের উদ্ধার করেন।
এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। আহত অন্তত ৫ জনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।