রাজধানীতে মন্ত্রীর বাসায় জাসাস নেতা জাদুশিল্পী শাহ নেওয়াজ শাহিন ওরফে শাহিন শাহকে বেদম মারধরের অভিযোগ উঠেছে বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন ও তার সঙ্গে থাকা লোকজনদের বিরুদ্ধে। সোমবার রাতে রাজধানীর বনানী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ফেসবুক লাইভে এসে ঘটনার বর্ণনাসহ মঙ্গলবার নাসরিনের বিরুদ্ধে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ বিভিন্ন গণমাধ্যমে লিখিত অভিযোগ দিয়েছেন জাদুশিল্পী ঐক্য সংস্থার সভাপতি শাহিন শাহ।
তবে অভিযোগ অস্বীকার করে নাসরিন বলেন, আলোচ্য ব্যক্তি ফ্যাসিস্ট দলের কর্মী হওয়ায় কিছু লোকজন তাকে মারধর করেছে বলে শুনেছি। তবে আমি সেখানে ছিলাম না। ভুক্তভোগী বলেন, বরিশালের আলেকান্দা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিত্ব নিয়ে নাসরিনের সঙ্গে আমার দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ওই বিরোধের জেরেই সোমবার মন্ত্রীর বাসায় শারীরিকভাবে আমাকে লাঞ্ছিত করেন তিনি ও তার লোকজন।
লিখিত অভিযোগে শাহিন শাহ বলেন, তিনি দীর্ঘদিন ধরে জাদুশিল্পের সঙ্গে যুক্ত এবং দেশে-বিদেশে বিভিন্ন স্থানে জাদু প্রদর্শন করেছেন। ৮ মার্চ রাত সাড়ে ৯টার দিকে তিনি একজন মন্ত্রীর সঙ্গে একটি বিষয়ে আলোচনা করতে তার বনানীর বাসভবনে যান। সেখানে অবস্থানকালে নাসরিন, তার স্বামী ও আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এক পর্যায়ে তাকে ধাক্কাধাক্কি ও মারধর করা হয় বলেও দাবি করেন তিনি।
শাহিন বলেন, ঘটনার সময় মন্ত্রীর বাসায় উপস্থিত কয়েকজন অতিথি ও বিএনপির কয়েকজন নেতাকর্মী তাকে রক্ষা করেন। পরে তিনি ঘটনাটি মন্ত্রীর কাছে খুলে বলেন এবং বিষয়টি নিয়ে বিচার দাবি করেন।
সুত্র- যুগান্তর